অকৃত্রিম বন্ধু হারালো বাংলাদেশ

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শেষকৃত্য। দিল্লির লোদি রোডের শ্মশানে মঙ্গলবার দুপুরে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে তাকে শেষ শ্রদ্ধা জানান দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তার মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত। অকৃত্রিম বন্ধুর মৃত্যুতে বুধবার একদিনের শোক ঘোষণা করে বাংলাদেশও।
রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে দিল্লির লোদি রোডের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এতে শামিল হন পরিবারের সদস্যরা। বিশেষ গাড়িতে লোদি রোডে নেয়া হয় তাঁর মরদেহ।
এরআগে সকালে প্রণবের সরকারি বাসভবন, রাজাজি মার্গে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মোদি, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ৩ বাহিনীর প্রধান এবং কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দিল্লির বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
করোনাসহ শারীরিক নানা জটিলতায় টানা ২২ দিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার রাতে ৮৫ বছর বয়সে দিল্লির সামরিক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এ বর্ষীয়ান কংগ্রেস নেতা।
দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে অর্থ, পররাষ্ট্র ও প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন প্রণব মুখার্জি। ২০১২ থেকে ২০১৭ মেয়াদে দেশটির দ্বাদশ রাষ্ট্রপতি ছিলেন তিনি। ২০১৯ সালে প্রণব মুখার্জিকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়।
প্রণবের মৃত্যুতে সাতদিনের রাষ্ট্রীয় শোক চলছে ভারতজুড়ে। অকৃত্রিম বন্ধুর মৃত্যুতে বুধবার একদিনের শোক ঘোষণা করেছে বাংলাদেশও।
এদিকে, প্রণব মুখার্জির অবদানকে অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিশিষ্টজনেরা। কূটনৈতিক সম্পকের পাশাপাশি বাংলাদেশের মানুষের মধ্যে আত্মিক সম্পর্ক উন্নয়নে তার বলিষ্ঠ ভূমিকার কথাও জানান তারা।
অন্যদিকে, বাংলাদেশের নড়াইলের জামাই প্রণব মুখার্জির মৃত্যুতে সেখানে নেমে এসেছে শোকের ছায়া। প্রণব মুখার্জিকে হারিয়ে একজন অভিভাবক হারালেন নড়াইলবাসী।
হাকিম মোড়ল, বাংলা টিভি



