আমিরাত থেকে বিনা খরচে লাশ পরিবহন বন্ধ, দুশ্চিন্তায় প্রবাসীরা

আমিরাত থেকে বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনা বন্ধ করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেবাটি বন্ধ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন প্রবাসীরা। আমিরাত থেকে প্রতিবছর দেশে আসতো ৫ শতাধিক মরদেহ।
প্রবাসীরা জানায়, নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমিরাত থেকে প্রত্যেকটি মরদেহ দেশে আনতে প্রায় ৭ থেকে ৮ হাজার দিরহাম খরচ হয়। যা বাংলাদেশী টাকায় প্রায় ২ লাখ টাকার সমান। অধিকাংশ প্রবাসীর পক্ষেই এই ব্যায় বহন করা সম্ভব হয়ে ওঠে না।
করোনাকালীন সময়ে নানা সংকটের কারণে, দুবাই ও উত্তর আমিরাতে ৯০ জন, এবং আবুধাবি অঞ্চলে ১০২ জন প্রবাসী বাংলাদেশির লাশ, দেশে না পাঠিয়ে স্থানীয়ভাবেই দাফন করা হয়েছে। বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটা স্থিতিশীল পর্যায়ে থাকলেও বিমান কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন প্রবাসীরা।
এ ব্যাপারে আমিরাতের বাংলাদেশ কনস্যুলেট এবং বিমান কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো সদুত্তর দেয়নি। এদিকে, বাংলাদেশের রেমিট্যান্সে গুরুত্বপূর্ণ অবদান রাখা এসব প্রবাসীরা এ ব্যাপারে সরকারী হস্তক্ষেপের দাবী জানিয়েছেন।



