
ভিয়েতনাম ফেরত ৮১ জন এবং কাতার ফেরত দুইজনসহ মোট ৮৩ জন অভিবাসী শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে, মঙ্গলবার সকালে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নেয়ার সময়, পুলিশ এসে তাদের গ্রেফতার করে আদালতে নেয়। ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে গত ১৮ আগস্ট ভিয়েতনাম থেকে দেশে আসেন এইসব শ্রমিকেরা। বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় ফেরার পর থেকে, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। কোয়ারেন্টাইন শেষ হওয়ার দু’দিন আগে থেকে তারা যেখানে ছিলেন, সেখানে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছিলো।
জানা যায়, দালালেরা ভিয়েতনামে সোফা ফ্যাক্টরিতে কাজ দেবেন বলে প্রত্যেক শ্রমিকের কাছ থেকে চার-পাঁচ লাখ টাকা নেন কিন্তু তারা সেখানে কাজ পাননি। সেখানে পৌঁছানোর পর কিছু ছোটখাটো কাজ দিলেও কোনোটিই দীর্ঘমেয়াদী ছিল না।
কোয়ারেন্টিনে থাকা ওই ব্যক্তিরা ভিয়েতনামে কারাগারে ছিলেন বলে জানা গেছে। করোনা পরিস্থিতির কারণে তাদেরকে দেশে পাঠানো হয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।



