গ্যাস লাইনের ওপর মসজিদ নির্মাণের কারণ খতিয়ে দেখা হবে: প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় গ্যাস লাইনের ওপর কিভাবে মসজিদ নির্মাণ করা হয়েছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এসময় অনাকাঙ্খিত দূর্ঘটনা এড়াতে মসজিদসহ যেকোন স্থাপনা নির্মাণে সংশ্লিষ্ট কতৃপক্ষের অনুমোদন নেয়াসহ সবাইকে সচেতন থাকার আহবান জানান তিনি।
রোববার বেলা ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হয়। মহামারীকালে হওয়া আগের দুটি অধিবেশনের মতই সংসদ সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে অধিবেশনে অংশ নেন।
অধিবেশন শুরুর পর রেওয়াজ অনুযায়ী সভাপতিমণ্ডলীর মনোনয়ন শেষে স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেন। সাবেক মন্ত্রী ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম এবং ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
শোক প্রকাশ করা হয় নারায়গঞ্জের তল্লায় মসজিদে এসি বিস্ফোরণ এবং লেবাননের বৈরুতে বিস্ফোরণে হতাহতের ঘটনায়ও। শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, গ্যাসের লাইনের ওপর মসজিদ নির্মাণের বিষয়টি তদন্ত করে দেখা হবে।
অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণ করা হলে এমন দুর্ঘটনা যেকোনো সময় ঘটতে পারে আশংকা করে সবাইকে সতর্ক থাকার আহবান জানান সংসদ নেতা। এছাড়া প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, যারা ক্ষমতায় আসতে পারেনি তারাই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ছিল।
শোক প্রস্তাবের উপর আলোচনা ও তা গ্রহণের পর রেওয়াজ অনুযায়ী সংসদের বৈঠক সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।
আসাদ রিয়েল, বাংলা টিভি



