দেশবাংলা

নেই বৈদ্যুতিক সংযোগ, বিল লাখ টাকার বেশি

বসানো হয়নি কোন বৈদ্যুতিক খুঁটি, টাঙ্গানো হয়নি তার। তারপরও বিল এসেছে লাখ টাকার ওপরে। সামান্য দিনমজুরের বিদ্যুতের বিলও এসেছে ২০ হাজার টাকার বেশি। এরপর মামলা। অনেকেই, গ্রেপ্তার এড়াতে এলাকা ছাড়া।

টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারিদের এমন আচরণে, ক্ষুব্ধ সাধারণ মানুষ। দ্রুত এই অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের নজরদারী চেয়েছেন ভুক্তভোগীরা।

২০১৪ সালে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগের জন্য, টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোর গ্রামের মৃত আব্দুস সবুরের স্ত্রী শ্যামলা বেগম আবেদন করেন। এর জন্য কোন রশিদ ছাড়াই, ৮০ হাজার টাকা দিতে হয়েছে তাকে। এরপর গেল ৬ বছরেও কোন সংযোগ পাননি তিনি।

অথচ, তার বিল এসেছে ১ লাখ ১৩ হাজার ৪৫৫ টাকা। কিছুদিন আগে বকেয়া বিল আদায়ে মামলা হয়,বৃদ্ধা এই নারীর বিরুদ্ধে। শুধু শ্যমলা বেগম নন, এ এলাকার অসংখ্য মানুষের বিরুদ্ধে, ভৌতিক বিল করার অভিযোগ উঠেছে। আর অভিযোগেরও শেষ নেই, স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে।

এদিকে, বিদ্যুৎ বিভাগ বলছে, বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংযোগ নিয়ে অভিযোগের শেষ নেই। সাধারণ মানুষ দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছে। এ নিয়ে একাধিকবার মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। হয়রানী বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবী, ভূক্তভোগী জনগনের।

রুবেল মিয়া, টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর থেকে

সংশ্লিষ্ট খবর

Back to top button