কর্মক্ষেত্রে ফিরতে পারছেন না কোরিয়া প্রবাসীরা

কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের নতুন ভিসা ইস্যু বন্ধ থাকায় কর্মক্ষেত্রে ফিরতে পারছেন না দেশে আটকে পড়া প্রবাসীরা।
সিউল দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত দূতাবাসের দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান সামুয়েল মুর্মু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ছুটি কাটাতে এসে বা রিলিজে এসে কোরিয়ার ইপিএস কর্মীদের অনেকেই বাংলাদেশে আটকে পড়েছেন।
এদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এমতাবস্থায় এসব ইপিএস কর্মীরা দ্রুত কোরিয়ায় ফিরে যাওয়ার জন্য সিউল দূতাবাসে যোগাযোগ করেছেন। কোভিড মহামারীর কারণে দক্ষিণ কোরিয়ার সরকার আপাতত বাংলাদেশি কর্মীদের দেশটিতে প্রবেশ স্থগিত রেখেছে।
দূতাবাস জানায় প্রবাসীদের নতুন ভিসা ইস্যু দ্রুত চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে দূতাবাস।
এছাড়া দেশে আটকে যেসব কোরিয়া প্রবাসীদের ভিসার মেয়াদ এখনো শেষ হয়নি, কিন্তু সেপ্টেম্বর বা অক্টোবরে শেষ হয়ে যাবে, তাদেরকে দূতাবাসের ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।



