লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে বিশেষ ফ্লাইট

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়া প্রবাসীদের জন্য, বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।
জানা যায়, ত্রিপোলি দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরা কার্যক্রমের আওতায় নিবন্ধনকৃত এবং আইওএম এর সাথে ইতোমধ্যে সাক্ষাতকার শেষ হওয়া প্রবাসীদের, স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী মঙ্গলবার দেশে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।
আগামী ২২ সেপ্টেম্বর ত্রিপোলীর মেতিগা বিমানবন্দর থেকে সরাসরি আইওএম এর একটি বিশেষ ফ্লাইটে, দেশে ফেরার জন্য প্রবাসীদের টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এজন্য প্রবাসীদেরকে, গত রোববার ও সোমবার দূতাবাসে উপস্থিত হয়ে, তাদের লাগেজ ও মালামাল জমা দেয়ার অনুরোধ করা হয়েছে।
এছাড়া মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় দূতাবাস থেকে যাত্রীদের নিয়ে একটি বাস ত্রিপোলীর মেতিগা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে, তাই প্রবাসীদের সকাল সাড়ে সাতটার মধ্যে দূতাবাসে উপস্থিত থাকতে বলা হয়েছে।



