অর্থ আত্মসাতের দায়ে সাবেক মেয়রের কারাদণ্ড

অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় গাজীপুরের সাবেক মেয়র এম এ মান্নানের এক বছরের কারাদণ্ড। মঙ্গলবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক সৈয়দ কামাল হোসেন এ রায় দেন।
এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি সঙ্গে তাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এছাড়া একই মামলায় গোলাম কিবরিয়া নামে এক আসামিকে খালাস দেন আদালত।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালে ২০১৩ সালের ১৮ আগস্ট থেকে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৯৯৯টি ভুয়া ভাউচারের অনুদান ও ব্যয় দেখিয়ে কর্পোরেশনের ত্রাণ এবং দরিদ্র তহবিল থেকে ৪৯ লাখ ১ হাজার ৮৪৮ টাকা আত্মসাৎ করেন এম এ মান্নান।
এ ঘটনায় দুদকের উপসহকারী পরিচালক শামসুল আলম ২০১৬ সালের ২৩ জুন গাজীপুরের জয়দেবপুর থানায় মান্নান ও তার সহযোগী গোলাম কিবরিয়ার বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলাটি করেন। ২০১৭ সালের ১২ জানুয়ারি মান্নান ও গোলাম কিবরিয়ার নামে চার্জশিট দাখিল করে দুদক।



