নির্মাণাধীন ভবনের খাদে যাত্রীবাহী বাস

কক্সবাজার থেকে ঢাকাগামী রিল্যাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ভবনের খাদে পড়ে যায়। এঘটনায় পাঁচ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ডিসি হিল বৌদ্ধ মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ঢাকাগামী দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী রিল্যাক্স বাসটি রাত সাড়ে ১০টার সময় ছেড়ে আসে। বাসটি নগরীর ডিসি হিল বৌদ্ধ মন্দির এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নির্মাণাধীন একটি ভবনের খাদে পড়ে যায়। এতে ওই বাসের পাঁচ যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার (ভারপ্রাপ্ত) ওসি জানান, দুর্ঘটনা কবলিত বাসের পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।



