ভাস্কর্য আর মূর্তি এক নয়: ধর্ম প্রতিমন্ত্রী

ভাস্কর্য আর মূর্তি এক নয়, আলোচনার মাধ্যমে এ নিয়ে জটিলতার নিরসন করা হবে বলে জানিয়েছেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
রোববার দুপুর সচিবালয়ে নিজ কর্মস্থলে যোগ দিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। এসময় তিনি বলেন, মূর্তি আর ভাস্কর্য নিয়ে যে ভুল বোঝাবোঝি আছে, এই জিনিসটা স্পষ্ট করতে সক্ষম হলে সবকিছুর সমাধান হয়ে যাবে।
ভাস্কর্য সরানোর জন্য হেফাজতে ইসলামের দাবির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বে কিছু গোষ্ঠী বিভিন্ন সময়ে অঘটন ঘটায়। সমস্যা যখন সৃষ্টি হয়, তখন সমাধানেরও ব্যবস্থা হয়।
ভাস্কর্য সরানোর জন্য হেফাজতে ইসলামের দাবির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, একটা জিনিস বুঝতে হবে, কিছু কিছু লোক কোনো কোনো সময় শুধু বাংলাদেশে নয়; সারা বিশ্বে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কিছু অঘটন ঘটায়। যখন কিছু সমস্যা সৃষ্টি হয় তখন সমাধানেরও একটা ব্যবস্থা হয়।
এ মন্ত্রণালয়ে আমি নতুন, আমি এ বিষয়গুলো চিন্তা করব, ভাবব এবং পরামর্শ করব কীভাবে এটা করলে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে এবং সার্বিক দিক থেকে আর যেন কেউ পরবর্তীতে সুযোগ না পায় সেগুলো আমাদের চিন্তায় রাখতে হবে। আমি আপনাদের আন্তরিক সহযোগিতা চাই।
প্রতিমন্ত্রী বলেন, মূর্তি আর ভাস্কর্য কিন্তু এক জিনিস নয়। আজকে পাকিস্তানে যান, ভারতে যান; সারাবিশ্বের যে কোনো রাষ্ট্রে যান না কেন সব জায়গাতেই ভাস্কর্য আছে। ভাস্কর্য যদি মূর্তি হয় তাহলে টাকার ভেতরে বঙ্গবন্ধুর ছবি আছে, এর আগে যারা ছিলেন তাদের ছবি ছিল, সেগুলো কীভাবে থাকলো? সেগুলো পকেটে নিয়ে তো সবাই ঘুরে বেড়ায়।
কয়েনের মধ্যেও আছে, সারা বিশ্বে যে কোনো দেশে যান দেখেন কয়েনের ভেতরে কিন্তু সবকিছু (ছবি) আছে। এগুলো আসলে আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি। আজকে যদি সব জায়গায় চলে, ইসলামিক দেশগুলো আমি মিশরে গিয়েছি সেখানে দেখেছি। সৌদি আরবে যান সেখানেও আছে।
তাহলে সেটা যদি হয়, তাহলে বাংলাদেশে আজকে যারা এটা নিয়ে আলোচনা করছে তাদেরও একটু চিন্তা করতে হবে মূর্তি আর ভাস্কর্য এক নয়। এই জিনিসটা যখন বোঝাতে সক্ষম হব তখন সবকিছুর একটা সমাধান পেয়ে যাব বলে আমাদের বিশ্বাস।



