গাজীপুর থেকে পৃথক তিনটি লাশ উদ্ধার

গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় আলাদা স্থান থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
গতকাল রাতে সদর থানার শিববাড়ি এলাকায় একটি বাসা থেকে আদম ব্যবসায়ী ও শিমুলতলী এলাকায় মেশিন টুলস ফ্যাক্টরি ভেতর থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার শিববাড়ির ব্যাংকার্স রোড এলাকার কাইয়ুমের বাড়ি থেকে আদম ব্যবসায়ী শাহিনুর এর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, বিদেশে লোক পাঠাতে না পারায় গত দুইদিন আগে শাহিনুরকে ওই বাড়িতে আটকে রেখে মারধর করে টাকা পয়সার ফেরত চাওয়া হয়। কিন্তু টাকা পয়সা দিতে না পারায় তাকে হত্যা করা হয়েছে।
অন্যদিকে শিমুলতলী এলাকায় মেশিন টুলস ফ্যাক্টরিতে মিক্সার মেশিনে কাজ করার সময়, মেশিনের ভিতরে পড়ে মেকানিক্যাল টেকনিশিয়ান নিশান ও কামাল খন্দকার নামের ২ ব্যক্তির মৃত্যু হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, শিমুলতলী এলাকায় মেশিন টুলস ফ্যাক্টরি ভেতরে কাজ করার সময় দুই জনের মৃত্যু হয়েছে এবং শিববাড়ি থেকে আদম ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শহিদুল ইসলাম, কোনাবাড়ী প্রতিনিধি



