মাউশির নির্দেশনা অমান্য করে ফি আদায়

সরকারি নির্দেশনা অমান্য করে বিভিন্ন খাতে ফি আদায় করা হচ্ছে। তার ওপর আদায়ের জন্য উল্লেখিত বেশিরভাগ খাতেরই নেই উপযুক্ত কোনো ব্যয়। এমন কাণ্ড ঘটাচ্ছে রাজধানীর উত্তরা হাই স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নির্দেশনা দিয়ে বলেছে এমন কোনো খাতে শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষা প্রতিষ্ঠান অর্থ গ্রহণ করবে না যা নির্দিষ্ট কোনো খাতে ব্যয় করা যাবে না। তবে এই নির্দেশনা অমান্য করে অবাধে বিভিন্ন খাতে ফি আদায় করছে উত্তরা হাই স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ।
এনিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা। এই প্রতিষ্ঠানের এমন কার্যকলাপ সম্পূর্ণ অযোক্তিক এবং অনেকটা বাধ্য হয়েই ফি জমা দিতে হচ্ছে বলেও দাবি অভিভাবকদের। শিক্ষা প্রতিষ্ঠানের এমন বাধ্যবাধকতা থেকে রেহাই পাওয়ার জন্য সরকারের সহযোগিতা কামনা করছেন ভুক্তভোগী অভিভাবকরা।
এনিয়ে উত্তরা হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের তৌহিদুর রহমান বলেন, শিক্ষার্থী যতই পুরাতন হোক না কেন নতুন বছরের জন্য নির্ধারিত ফি দিতে হবে।
এবিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পরিচালক মোঃ বেলাল হোসাইন বাংলা টিভিকে বলেন, অতিরিক্ত ফি যারা আদায় করছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাওহীদ কবির, টঙ্গী প্রতিনিধি




