ভাঙা হবে বাবুবাজার ব্রিজসহ ১৩ ব্রিজ

বাবুবাজার ব্রিজসহ ঢাকার আশ-পাশের ১৩টি ব্রিজ ভেঙে পুননির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। রোববার (৩১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এসময় নৌ পরিবহন ব্যবস্থাপনার স্বাভাবিক রাখতে চট্টগ্রামের কর্ণফুলী, ঢাকার চারপাশের নদীগুলো দখলমুক্ত, দূষণরোধ এবং নাব্যতা বাড়ানোর জন্য প্রণীত মাস্টারপ্ল্যান বাস্তবায়ন অগ্রগতি এবং মেঘনা নদী দখলমুক্ত, দূষণরোধ এবং নাব্যতা বৃদ্ধিকল্পে মাস্টার প্ল্যান প্রণয়ন সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা করা হয়।
তিনি বলেন, যেসব ব্রিজকে চিহ্নিত করা হয়েছে সেসব জায়গায় নৌ চলাচল করতে হলে সেগুলো ভেঙে পুননির্মাণ করতে হবে। ইতোমধ্যে কমিটির পক্ষ থেকে ১৩টি ব্রিজকে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে এলজিইডি’র ৬টি, সেতু বিভাগের ৬টি এবং ১টি রেল মন্ত্রণালয়ের। এগুলোর উচ্চতা বৃদ্ধি করে যাতে নৌ পরিবহন ব্যবস্থা সচল করা যায় সেজন্য টেকনিক্যালি তারা কাজ শুরু করবে।
মন্ত্রী আরো বলেন, আমাদের ঢাকার আশ-পাশে যে নদীগুলো আছে, সেগুলোর ওপরে পরিবহন ব্যবস্থার জন্য বেশকিছু ব্রিজ বা সেতু নির্মাণ করা হয়েছে। যখন নির্মাণ করা হয়েছে তখন সবগুলো বিবেচনায় রেখে না হলেও কিন্তু আজকের বাস্তবতা ভিন্ন।
বাংলাদেশ যেহেতু উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছে। প্রধানমন্ত্রী সেলক্ষ্যে কাজ করছেন, অতএব নৌ পরিবহন ব্যবস্থাপনার দিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আর গুরুত্ব দিতে হলে এসব ব্রিজগুলোর উচ্চতা বৃদ্ধি না করার কোনো সুযোগ নেই। না হলে নৌ চলাচল ব্যবস্থা বিঘ্নিত হবে।



