‘মিয়ানমারের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ’

মিয়ানমারে চলমান পরিস্থিতির ওপর বাংলাদেশ নজর রাখছে বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক মূল্যবোধে গভীরভাবে বিশ্বাস করে বাংলাদেশ। মিয়ানমারের ক্ষমতাসীন দলে এনএলডির নেত্রী অং সান সুচি এবং দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টকে আটকের ঘটনায় বাংলাদেশ মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে, পরবর্তীতে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হবে বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরেই বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রয়েছে। স্বেচ্ছায় ও নিরাপদে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করে যাচ্ছে দুই দেশ। ভবিষ্যতেও এই প্রক্রিয়া সঠিক পথে চলবে বলে আশা করে বাংলাদেশ।
প্রসঙ্গত, মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নেত্রী অং সান সু চি এবং দেশটির রাষ্ট্রপতি উইন মিনতকে আটক করে দেশটির ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। সৈন্যরা দেশের বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসায় গিয়ে তাদের ধরে নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
রাজধানী নাইপিডো এবং প্রধান শহর ইয়ানগনের রাস্তায় সেনা সদস্যদের টহল দিতে দেখা যাচ্ছে বলে জানিয়েছেন বিবিসির দক্ষিণ-পূর্ব এশিয়া সংবাদদাতা জনাথান হেড। পাশাপাশি তাদেরকে আটকের পর দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।



