টিকা নিলেন স্বাস্থ্যমন্ত্রীসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা

করোনার টিকা নিরাপদ দাবি করে এখন পর্যন্ত যারা ভ্যাকসিন নিয়েছে সবাই সুস্থ আছে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার সকালে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে নিজে টিকা নেয়ার পর এ কথা জানান তিনি। এ সময় করোনার টিকা নিয়ে কোন ধরণের বিভ্রান্তি না ছড়ানোর আহবান জানান মন্ত্রী।
এদিকে, রাজধানীর বিভিন্ন হাসপাতালে আজ টিকা নিয়েছেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, সচিব, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
গত ২৭ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের পর আজ থেকে শুরু হয়েছে গণহারে করোনার টিকা প্রদান কাযক্রম। সকালে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নিতে আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন আহমেদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
টিকা গ্রহণ শেষে বেশ কিছু সময় বিশ্রাম নেয়ার পর স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকা গ্রহণে কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এ নিয়ে গুজব না ছড়ানোর আহবান জানান তিনি।
এছাড়া, টিকা নেয়ার পর নিজেদের অনুভুক্তি ব্যক্ত করে মহামারী প্রতিরোধে জনগনকে ভ্যাকসিন নেয়ার আহবান জানান মন্ত্রীরা । এ সময় হাসপাতালে আসা অনেকেই টিকা নেয়ার পর শারীরিকভাবে সুস্থ থাকার কথা জানান।
অন্যদিকে, দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয় ক্লিনিকে টিকা নেন রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজনসহ কর্মকর্তা কর্মচারীরা। এছাড়াও রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে টিকা নেন হাসপাতালটির পরিচালক ও বিশেষজ্ঞ চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



