
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবি দাওয়ার বিষয়ে এক জরুরি সভার আহ্বান করেছে সরকার। বুধবার সন্ধ্যায় ৭ কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
তিনি জা্নান, ভার্চ্যুয়াল এ সভায় যুক্ত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রোভিসি।এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সমন্বয়কসহ সাত কলেজের অধ্যক্ষরা যুক্ত থাকবেন ।
চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে অজিমপুর থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন পথচারীরা।
সকাল থেকেই সড়কে নেমে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদ জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা জানান, আগামী কয়েক দিনে কলেজগুলোর কিছু পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে সেগুলো স্থগিত করায় বিপাকে পড়েছেন তারা। সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
দুপুরে ঘটনাস্থলে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক। তিনি জানান, শিক্ষার্থীদের আন্দোলন ও দাবি দাওয়ার বিষয়ে সাত কলেজের অধ্যক্ষের সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ সংশ্লিষ্টরা।
এমন খবরে আরও বিক্ষুব্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা।
এদিকে, সড়ক অবরোধ করায় অজিমপুর থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কেও সৃস্টি হয় তীব্র যানজট। এতে চরম দুর্ভোগে পড়েন পথচারীরা।
হাকিম মোড়ল, বাংলা টিভি



