মুশতাকের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অসুস্থতাজনিত কারণে লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয়েছে, তবে অন্য কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার দুপুরে চট্টগ্রামে নবনির্মিত পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। পরে পুরো ভবনটি ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, হুইপ শামসুল হক চৌধুরী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল র্যাবের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার, লেখক মুশতাক আহমেদ গাজীপুরের কাশিমপুর কারাগারে মারা যান।
কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, গতরাতে মুশতাক আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, তাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মুশতাক আহমেদকে মৃত ঘোষণা করেন।
এদিকে, লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর দায়ে জড়িতদের শাস্তির দাবিসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।



