প্রেসক্লাবে চরম ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেসক্লাবের সামনে ছাত্রদলের কর্মসূচির সময় পুলিশ চরম ধৈর্যের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া প্রেসক্লাবের ভেতরে বহিরাগতরা যাতে প্রবেশ করতে না পারে সে বিষয়ে প্রেসক্লাব কর্তৃপক্ষকে সজাগ থাকতে আহ্বান জানান, স্বরাষ্ট্রমন্ত্রী।
‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২১’ উপলক্ষে সোমবার (১ মার্চ) পুলিশ স্টাফ কলেজের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা এবং স্বীকৃতি স্মারক প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
এ সময় পুলিশ স্টাফ কলেজ মিরপুর-১৪-তে আয়োজিত মেমোরিয়াল ডে-তে জানানো হয় ২০২০ সালে করোনাসহ বিভিন্ন সময় মারা গেছেন ২০৮ জন সদস্য। দায়িত্বপালনকালে তাদের এ মৃত্যুতে শোক জানিয়ে নিহতের পরিবারবর্গের হাতে সম্মানতা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতকালও (রোববার) আমরা দেখলাম প্রেসক্লাবের সামনে একা একজন পুলিশকে পেয়ে কীভাবে পেটানো শুরু হয়েছিল। তা সবাই দেখেছেন। সেখানে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে।
তিনি বলেন, প্রেসক্লাবে কোনোদিন আমাদের পুলিশ ভেতরে ঢোকে না এবং এদিন যেভাবে ইটপাটকেল ছুড়ছিল সে সময় দু-একজন হয়তো ঢুকেছে। কিন্তু যেভাবে ইটপাটকেল ও মারামারির সৃষ্টি হয়েছিল সেখানে উচিত ছিল মারামারি না করা। চরম ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে পুলিশ।
উল্লেখ্য, রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করার সিদ্ধান্ত এবং কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিএনপির ছাত্রদল আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে অবন্থান নেয়। এতে পুলিশ সদস্যরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছোড়ে পুলিশ। বিক্ষুব্ধ হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা প্রেসক্লাবের পাশের অস্থায়ী পুলিশ বক্সের জানালা ভাঙচুর করে। তারা প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করে। এতে পুলিশও প্রেসক্লাবের ভেতরে গিয়ে লাঠিচার্জ করে।



