‘বিএনপির ভোট কমে যাওয়ার দায় নির্বাচন কমিশনের নয়’

বিএনপি’র ভোট কমে যাওয়ার দায় নির্বাচন কমিশনের নয়, বরং নিজেদের ব্যর্থতাকে বিএনপি অন্যদের উপর চাপাতে চায় বলে অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে ভিডিও বার্তায় তিনি আরো বলেন, বিএনপির সন্ত্রাস নির্ভরতার আন্দোলনে মানুষ আর সাড়া দেয় না।
মহান মুক্তিযুদ্ধের মতো দেশের সর্বশ্রেষ্ঠ অর্জন ‘সুবর্ণ জয়ন্তী’ একজন পলাতক আসামি দিয়ে উদ্বোধন করায় দেশবাসী বিস্মিত। দলে অনেক সিনিয়র নেতা ও মুক্তিযোদ্ধা থাকতে টেমস নদীর পাড় থেকে অনুষ্ঠান উদ্বোধন স্বাধীনতার প্রতি বিএনপির কমিটমেন্ট নিয়েই জনগণ এখন প্রশ্ন তুলছে।
তিনি প্রশ্ন রেখে বলেন, বিএনপি উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়ে কোন চেতনা বাস্তবায়ন করতে চায়? বিএনপির মুখে স্বাধীনতার চেতনা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতোই বলে মনে করেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের আরো বলেন, সন্ত্রাস নির্ভরতায় বিএনপির আন্দোলনে মানুষ এখন আর সাড়া দেয় না; বরং মানুষ আতঙ্কগ্রস্ত হয় তাদের আন্দোলনের কথা শুনলে। বিএনপির ভোট কেন কমে গেছে, এর দায় নির্বাচন কমিশনের নয়। তারা তাদের ব্যর্থতার দায় অন্যদের ওপর চাপাতে সবসময় সিদ্ধহস্ত।



