বাংলাদেশপ্রধানমন্ত্রী

গবেষণা ও বিজ্ঞানের প্রসারে গুরুত্ব বাড়ানোর আহবান প্রধানমন্ত্রীর

দেশের উন্নতির জন্য গবেষণা ও বিজ্ঞানের প্রসার অপরিহার্য। এজন্য গবেষকদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। বিজ্ঞানের উৎকর্ষ সাধনে দেশের সব বিভাগে বঙ্গবন্ধু নভোথিয়েটার স্থাপন করা হবে বলেও জানান তিনি।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০-২০২১ অর্থবছরে শিক্ষার্থী ও গবেষকদের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও বিজ্ঞানীদের বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীর বিশ্ব বিজ্ঞান নির্ভর উল্লেখ করে এসময় প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে তরুণ প্রজন্মকে গবেষণায় বিশেষ মনযোগী হতে হবে। পরবর্তী প্রজন্মকে বিজ্ঞানের সাথে পরিচিত করতে, দেশে আরও নভোথিয়েটার নির্মাণের পরিকল্পনার কথা জানান সরকার প্রধান।

এছাড়াও দেশের বিদ্যুৎ ব্যবস্থা শক্তিশালী করতে, আরও একটি পারমানবিক বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার কথা বলেও জানান প্রধানমন্ত্রী। করোনা যখন দেশের অগ্রযাত্রা থামাতে পারেনি, আগামীতে আর কোন শক্তিই উন্নয়নের পথে বাধা হবে না বলেও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button