মিয়ানমারে একদিনেই ৩৮ বিক্ষোভকারী নিহত

মিয়ানমারে সেনাঅভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে একদিনেই ৩৮ বিক্ষোভকারী নিহত হয়েছে। নিউইয়র্কে এক ভার্চুয়াল সম্মেলনে একথা নিশ্চিত করে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের দূত ক্রিস্টিন শ্র্যানার বার্জেনার।
অভ্যুত্থানের পর থেকে চলমান আন্দোলনে উপর সবচেয়ে প্রাণঘাতী পুলিশী নিপীড়ন হয় বুধবার। বিক্ষোভকারীদের দমাতে রাবার বুলেট ও টিয়ার গ্যাসের পাশাপাশি গুলি ছোঁড়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোনোরকম সতর্কতা ছাড়াই এলোপাতাড়ি গুলি ছোঁড়া হয়। নিহতদের মধ্যে ৪ জন অপ্রাপ্তবয়স্ক। ইয়াঙ্গুনে অন্তত ৮ জন ও মোনিওয়া শহরে অন্তত ৬ জন মারা গেছেন। এছাড়া মিঙ্গিয়ান ও মান্দালয়েও হতাহতের ঘটনা ঘটেছে।
জাতিসংঘ দূত আরও জানান, এখন পর্যন্ত প্রায় ১ হাজার ২শ’ বিক্ষোভকারীকে আটক করেছে সামরিক জান্তা। এ ঘটনার পর শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডেকেছে যুক্তরাজ্য।



