জিয়ার খেতাব বাতিল করা হয়নি, সুপারিশ করা হয়েছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়নি শুধু সুপারিশ করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শনিবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, বিষয়টিতে বোঝার ভুল আছে। যেদিন আমরা এ বিষয়ে সভা করি সেদিন কিছু লোকের খেতাব বাতিলের সুপারিশ করা হয়েছে। এরা হচ্ছে আত্মস্বীকৃত খুনি, আদালত কর্তৃক দোষী সাব্যস্ত এমন ব্যক্তি।
সেই পর্যায়ে আলোচনা হয়েছিল যে বঙ্গবন্ধুর খুনির সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন। অনেকেই অনেক উদাহরণ দিয়েছেন। তিনি যে খুনি সেটা প্রমাণ করে অনেকেই অনেক তথ্য দিয়েছেন।
মন্ত্রী আরো বলেন, এ পর্যায়ে আমরা একটি কমিটি করে দিয়েছি। দুই মাসের মধ্যে তারা যে দালিলিক প্রমাণ, কবে কত তারিখে কে কি করেছে এসব প্রমাণ দাখিল করতে হবে। তারপর রিপোর্ট পাওয়ার পর কমিটিতে আলোচনা হবে। চুলচেরা আলোচনা করে পরবর্তীকালে বলতে হবে।



