৭ মার্চের কালজয়ী ভাষণই স্বাধীনতার প্রকৃত ঘোষণা: প্রধানমন্ত্রী

৭ মার্চের কালজয়ী ভাষণই স্বাধীনতার প্রকৃত ঘোষণা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এরমধ্য দিয়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছিলেন। রোববার বিকেলে, সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চের আলোচনায় গণভবন থেকে যুক্ত হয়ে এমন মন্তব্য করেন তিনি।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে র্ভাচুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি বলেন, বঙ্গবন্ধু জাতিকে একটি অসহযোগ আন্দোলনের পথ ধরে সশস্ত্র বিপ্লবের দিকে নিয়ে যান।
নিজের জীবনের সংগ্রামের অভিজ্ঞতা ও বাঙালি জাতিকে নিয়ে লক্ষ্য স্থির করেই বঙ্গবন্ধু এ ভাষণ দিয়েছিলেন উল্লেখ করে, একে স্বাধীনতার প্রকৃত ঘোষণা বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এ সময়, স্বাধীনতার পরাজিত শক্তি এ ভাষণকে মুছে ফেলতে সব রকম ষড়যন্ত্র করেছিল বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
শাহরিয়ার রাজ, বাংলা টিভি



