বাংলাদেশ-ভারত সীমান্তে প্রথম মৈত্রী সেতু

খাগড়াছাড়ির রামগড়ে বাংলাদেশ-ভারত সীমান্তে মৈত্রী সেতুর উদ্বোধন করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুর উদ্বোধন করেন তারা।
সীমান্ত সেতুটি চালুর মধ্য দিয়ে আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন দুই দেশের প্রধানমন্ত্রী।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য গতিশীল করতে, ১৩৩ কোটি টাকা ব্যয়ে দুই দেশের সীমান্ত নদী ফেনীর উপরে নবনির্মিত ১ দশমিক ৯ কিলোমিটার মৈত্রী সেতু। দুপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সীমান্ত মৈত্রী সেতুর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই সেতু দু’দেশের সম্পর্কের মেলবন্ধনকে আরো দৃঢ় করবে।
এসময় ভারত সবসময় বাংলাদেশর ভালো বন্ধু উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, রাজনৈতিক সীমা দুই দেশের উন্নয়নে কোন প্রতিবন্ধকতা হবে না।
ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম ও বাংলাদেশের খাগড়াছড়ি জেলার রামগড়কে সরাসরি যুক্ত করছে এই মৈত্রী সেতু। এটি চালুর ফলে আগামীকে, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্য সম্প্রসারণে ব্যাপক গতি সঞ্চার হবে বলে, আশা প্রকাশ করেন দুই দেশের সরকার প্রধান।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



