
নিউজিল্যান্ডে চতুর্থ দফা করোনা পরীক্ষাতেও বাংলাদেশ দলের সবার নেগেটিভ ফল পাওয়া গেছে। বুধবার ক্রাইস্টচার্চ থেকে কুইন্সটাউনে পৌছেছে টাইগাররা। সেখানে পাঁচদিনের পূর্ণাঙ্গ অনুশীলন করবেন তামিম-মুশফিকরা।
এর আগে মঙ্গলবার চতুর্থ করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ হয়। ফল পাওয়ার পরও চারভাগে ভাগ হয়ে অনুশীলনে অংশ নিতে হয়েছে ক্রিকেটারদের। আজ ক্রাইস্টচার্চ থেকে কুইন্সটাউনে যায় বাংলাদেশ দল। সেখানে পাঁচদিনের পূর্ণাঙ্গ অনুশীলন। এরপর ১৬ মার্চ গন্তব্য প্রথম ওয়ানডের ভেন্যু ডানেডিনে।
এদিকে, নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ শুরুর আগেই স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরিকে পাচ্ছে বাংলাদেশ। কিংবদন্তি সাবেক কিউই স্পিনার কুইন্সটাউনে শুরু হতে যাওয়া টাইগারদের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন, বলে নিশ্চিত করেছেন টিম ম্যানেজার জালাল ইউনূস।



