মেহেরপুরে স্ত্রীর নির্যাতনে স্বামীর মৃত্যুর অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামে স্ত্রী ও তার পরিবারের লোকজনের নির্যাতনে স্বামী সাইফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুধু নির্যাতন নয় তাকে গাছে বেধে জোর পুর্বক কীটনাশক পান করিয়ে দেয়ারও অভিযোগ করেছেন সাইফুলের পরিবার। মঙ্গলবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু ঘটে।
সাইফুলের পিতা ভাদু মন্ডল জানান, সোমবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামী সাইফুল স্ত্রী রোজিনাকে মারধর করে। এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে সাইফুলকে বাড়ির উঠানে একটি গাছের সাথে বেঁধে ব্যাপক নির্যাতন করে কীটনাশক পান করিয়ে দেয়।
সংবাদ পেয়ে বামন্দী ক্যাম্প পুলিশের একটি টীম সাইফুলকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। তার অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে গভীর রাতে সাইফুলের মৃত্যু ঘটে।
স্ত্রী রজিনা খাতুন জানান, স্বামী সাইফুল ইসলাম একজন মাদকসেবী। সে প্রতিরাতেই আমাকে মারধর করতো। ঘটনার রাতে ঘুমন্তাবস্থায় আমাকে ধারালো অসস্ত্র দিয়ে খুন করার চেষ্টা করে। আমি আমার জীবন বাচাতে ইট দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আমাকে রক্তাক্ত দেখে হাসপাতালে ভর্তি করে। পরে সাইফুল বিষপান করেছে। পরে তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আকতারুজ্জামান, মেহেরপুর প্রতিনিধি



