বিনামূল্যে চোখের চিকিৎসায় কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন

করোনার টিকা নিয়ে যেন বিশৃঙ্খলা না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে দেশের বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টারের ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এসময় তিনি আরও বলেন, প্রান্তিক মানুষ যাতে বিনামূল্যে চোখের চিকিৎসা পায় সেজন্যই এসব সেন্টার চালু করেছে সরকার।
মুজিববর্ষ উপলক্ষে সকালে গণভবন থেকে ভার্চুয়ালি ২০ জেলার ৭০ টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিভিন্ন এলাকার উপকারভোগী মানুষের সাথে কথা বলেন সরকার প্রধান।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেয়াই সরকারের লক্ষ্য। তার আলোকে এই ভিশন সেন্টারের উদ্যোগ।
প্রধানমন্ত্রী আরো বলেন, করোনার টিকা নিয়ে যেন বিশৃঙ্খলা না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান শেখ হাসিনা।
বাংলাটিভি/শহীদ



