
চাল-তেলের পর, এবার রাজধানীর মুরগির বাজারে শুরু হয়েছে অরাজকতা। একই সঙ্গে ফের বেড়েছে পেঁয়াজের ঝাঁজও। মজার বিষয় হলো, এর কোনো কারণ জানাতে পারছে না কেউই। কোনো কারণ ছাড়া প্রয়োজনীয় এই পণ্য দু’টির দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।
তবে কিছুটা স্থিত হয়ে, সরকারের বেধে দেয়া দামে বিক্রি হচ্ছে ভোজ্যতেল। এ ছাড়া, সব ধরনের শাক-সবজি ও মাছ-মাংসের বাজার রয়েছে গেল সপ্তাহের মতই।
স্বাদ ও পুষ্টি- এ দুই কারণেই রাজধানীতে সবসময়ই মুরগির চাহিদা একটু বেশি থাকে। বেশির ভাগ সময়ই এর দামও থাকে প্রায় সব শ্রেণির ক্রেতাদের নাগালেই। তবে গেল কয়েক সপ্তাহ ধরে, কোনো কারণ ছাড়াই লাগামহীনভাবে বাড়ছে মুরগির দাম।
মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি মুরগির দাম বেড়েছে ৩০ থেকে ১০০ টাকা। বাড়তি এ দামে এখন প্রতিকেজি ব্রয়লার ১৭০, লেয়ার ২২০ এবং পাকিস্তানী মুরগি বিক্রি হচ্ছে ৩৯০ টাকায়। কেন দাম বাড়ছে, তার কোন যৌক্তিক কারণ নেই বিক্রেতাদের কাছে। তারা বলছেন, পাইকারি বাজারে আমদানি কমে যাওয়ায় দাম একটু বেশি।
এদিকে, ভরা মৌসুমে এসেও নতুন করে অস্বস্তি তৈরি করছে পেঁয়াজের বাজার। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কেজিতে বেড়েছে প্রায় ১০ থেকে ১২ টাকা। তবে, গ্রীষ্মকালীন নানা সবজি বাজারে আসতে শুরু করায় এর দাম অনেকটা স্থিতিশীল। এছাড়া মাছ-মাংসের বাজার দরও রয়েছে অপরিবর্তিত।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



