
করোনা প্রতিরোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজীর আহমেদ। তিনি জানান, হঠাৎ বেড়ে যাওয়া করোনা মোকাবেলায় ২১ মার্চ থেকে মাস্ক পরা উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু করবে পুলিশ। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে, কভিড-১৯ মোকাবেলায় পুলিশের উদ্যোগ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। এ সময় হঠাৎ বাড়তে থাকা করোনা প্রতিরোধে পুলিশের কার্যক্রমের বিষয়ে অবহিত করেন তিনি।
আইজিপি জানান, ২১ মার্চ থেকে মাস্ক পরা উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু করবে বাংলাদেশ পুলিশ। প্রয়োজনে বিনামূল্যে মাস্ক বিতরণ করার কথাও জানান, তিনি।
করোনা মোকাবেলায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতেও দেশবাসীকে অনুরোধ করেন পুলিশ মহাপরিদর্শক। এ সময়, সব ধরনের সভা-সমাবেশ পরিহার করারও পরামর্শ দেন তিনি।
বাংলাটিভি/শহীদ



