
রাজধানীর আরমানী টোলার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সড়কের মাত্র ১শ’ গজ অংশই যেন, গলারকাঁটা হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের। সেখানকার একপাশ জুড়ে দিনের পরদিন ফেলে রাখা হয়েছে, ময়লার স্তুপ। ঢাকা দক্ষিণ সিটির ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ডের সীমানায় পড়ার কারণে, দুই কর্তৃপক্ষের সমন্বয়হীনতায় বেড়েছে মানুষের দুর্ভোগ।
সড়কের এই অংশটুকু থেকে, পুরো এলাকায় যানজটের সৃষ্টি হয়। এলাকাবাসী বলছেন, বারবার জানিয়েও কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধিদের।
রাজধানীর আরমানী টোলার ব্যস্ততম সড়কগুলোর মধ্যে অন্যতম এসসিসি রোড। বাসিন্দাদের রোজকার যাতায়াতের পাশাপাশি মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন হওয়ায়, এ্যাম্বুলেন্সেরও নিয়মিত চলাচল এই সড়কে।
কিন্তু দীর্ঘদিন ধরে ময়লাবর্জ্য সড়কের উপর পড়ে থাকায়, সংকীর্ণ রাস্তায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এমনকি, পায়ে হেঁটে চলাও সেখানে প্রায় দুষ্কর। সড়কের ১শ’ গজের মতো এই অংশে যানজট বাঁধলে, তার প্রভাব পড়ে গোটা এলাকায়।
স্থানীয়রা জানালেন, প্রত্নত্বত্তিক নিদর্শন তারা মসজিদ, আরমানীয় চার্চ দেখতে আসা পর্যটকদেরও আনাগোনা এই সড়ক ধরেই। তাদের কাছে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, রাস্তায় ময়লার স্তুপের কারণে। নাগরিক ভোগান্তি থেকে মুক্তি পেতে, কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ করা হলেও কোন প্রতিকার আসেনি। দুই ওয়ার্ডের সীমানায় পড়ার কারণে, কেউই দায় নিতে চায় না বলে অভিযোগ স্থানীয়দের।
তবে সমন্বিত পদক্ষেপ নিয়ে, আরমানীটোলার এসসিসি সড়কে স্বাভাবিক চলাচলের পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা। সমস্যা সমাধানে নাগরিকদের সচেতনতায়ও জোর দিয়েছেন তারা।
আরমান কায়সার, বাংলা টিভি



