বাংলাদেশপ্রধানমন্ত্রী

‘সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ এশীয় অঞ্চলের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত করা সম্ভব’

দক্ষিণ এশীয় অঞ্চলকে সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, উন্নত-সমৃদ্ধশালী করা সম্ভব বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানমালার ষষ্ঠ দিনের আয়োজনে এ মন্তব্য করেন তিনি।

এ সময়, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে রাজনীতিতে নতুন অধ্যায় সূচনার আহ্বান জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  অনুষ্ঠানে, নেপালের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা ব্যক্ত করেন, নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী।

বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠানের ষষ্ঠ দিনের আয়োজনে যোগ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেপালের রাষ্ট্রপতি। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে চলেছে বাংলাদেশ।  নেপাল বাংলাদেশের নিরন্তর উন্নতি দেখতে চায়।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেন, দলমত নির্বিশেষে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারলে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে। মুজিববর্ষে এটাই হবে সবচে বড় অর্জন। পরে সভাপতির বক্তব্যে, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ এশিয়া অঞ্চলকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন এ উপমহাদেশের দেশগুলোকে সবচে বেশি নাজুক করে তুলেছে। এ অবস্থায়, টেকসই উন্নয়ন নিশ্চিতে এক হয়ে কাজ করতে, বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

আসাদ রিয়েল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button