শান্তিপূর্ণ-সমৃদ্ধ এশিয়া গড়তে ঐক্যের আহ্বান শেখ হাসিনার

শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়তে এ অঞ্চলের নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
এ সময়, কোভিড পরিস্থিতিতে বাংলাদেশের সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনের ভূয়সী প্রশংসা করেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার অষ্টম দিনের আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। এ দিনের অনুষ্ঠানের প্রতিপাদ্য শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত।
অনুষ্ঠানে ভ্যাটিক্যান সিটি থেকে পোপ ফ্রান্সিস এবং ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক দল কংগ্রেস এর সভাপতি সোনিয়া গান্ধীর পাঠানো ভিডিও বার্তা প্রচার করা হয়।
এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। এ সময় তিনি বাংলাদেশকে তার দ্বিতীয় বাড়ি হিসেবে উল্লেখ ক’রে, দুই দেশের সাদৃশ্যের কথা তুলে ধরেন। পরে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ভুটানের স্বীকৃতি দেয়ার দিনটি কখনো ভোলার নয়।
এ সময়, পারষ্পরিক সহযোগিতার ভিত্তিতে সম্মিলিতভাবে কাজ করলে দক্ষিণ এশিয়া বিশ্বের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। এ লক্ষ্যে, এ অঞ্চলের নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী।



