স্বাধীনতার সুফল সর্বস্তরে পৌঁছে দিতে কাজ করছে সরকার

উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে স্বাধীনতার সুফল সাধারন মানুষের কাছে পৌছে দিতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুপুরে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় শেখ হাসিনা বলেন, করোনা সংক্রমণ উন্নয়নে সামান্য বাধা সৃষ্টি করলেও বাংলাদেশ থেমে থাকবে না। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় যেকোন অনুষ্ঠান আয়োজনে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী ।
পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিতে দলের নেতা-কর্মীসহ সবাইকে আগাম প্রস্তুতি নেওয়ারও নির্দেশনা দেন আওয়ামী লীগের সভাপতি।
বাংলাটিভি/শহীদ



