মিয়ানমারে আরো ৫ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা

মিয়ানমারে আরও ৫ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করেছে দেশটির জান্তা সরকার এছাড়াও অনলাইনে সেনাবাহিনীর সমলোচনা করা ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
অনলাইনে নানা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মিয়ানমারের বিক্ষোভকারীরা সংগঠিত হচ্ছেন। যা বন্ধ করতে জান্তাবাহিনী দেশটিতে ইন্টারনেট সেবা প্রায় বন্ধ করে দিয়েছে। মোবাইল ডেটা আগেই বন্ধ করা হয়েছে। শুক্রবার তারহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহকারীদেরও সেবা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে শুক্রবার রাতে মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেশটির সুপরিচিত ১৮ ব্যক্তির বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ এবং তাদের দায়িত্বকে অসম্মান করে এমন উপাদান তৈরি করার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির কথা জানানো হয়। ওই ১৮ জনের মধ্যে দুইজন সাংবাদিকও আছেন।
গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখল করে। তারপর থেকে সেনাঅভ্যুত্থানের বিরুদ্ধে গণমানুষের টানা বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে চলছে গুলি। এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে সাড়ে পাঁচশর বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে।
তারপরও সাধারণ মানুষকে দমানো যায়নি। বড় নগরীর তুলনায় এখন ছোট ছোট শহরগুলোতে লোকজন ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিক্ষোভ করছে।
শনিবার মধ্যাঞ্চলের শহর মনিওয়াতে এরকম একটি বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত তিনজন বিক্ষোভকারী নিহত হন বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাউ। এছাড়া, দক্ষিণের থাতন শহরে একজন বিক্ষোভকারী নিহত হয়েছেন।
বাংলাটিভি/ডেস্ক রিপোর্ট



