কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্য প্রবাসী নারীকে যৌন হয়রানি, কর্মচারী আটক

সিলেটের নুরজাহান হোটেলে, কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্য প্রবাসী নারীকে যৌন হয়রানির ঘটনায়, তদন্তে নেমেছে পুলিশ। আটক হোটেল কর্মচারী শাহিন, এই হোটেলে গত ৫ বছরে, এমন ঘটনা আরও করেছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় প্রবাসী ওই ভূক্তভোগী নারী বাদী হয়ে, থানায় মামলা দায়ের করেছেন। এদিকে,পুলিশ,হোটেল মালিক ও প্রবাসীদের সমন্বয়ে, হোটেল কোয়ারেন্টিনের নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন, সুশিল সমাজ।
দরগা গেইটের নুরজাহান হোটেল। এই হোটেলে গত ১ এপ্রিল বৃহস্পতিবার রাতে ঘটে কোয়ারেন্টিনে থাকা নারীর সঙ্গে যৌন হয়রানির ঘটনা। ওই রাতে হোটেল বয় শাহিন ওই নারীর দরজায় টোকা দেয়। দরজা খুললে সে রুম গোছানোর কথা বলে ভিতরে প্রবেশ করে। এক পর্যায়ে ওই নারীর সঙ্গে আপত্তিকর আচরণ শুরু করে। ধস্তাধস্তি শুরু করলে হোটেল বয় রুম থেকে চলে যায়।
পরে ওই নারী তার ভাইকে বিষয়টি জানান। তার ভাই এসে তাকে পাশের একটি হোটেলে নিয়ে যান। এবং বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ হোটেলের রেস্টুরেন্ট থেকে পরদিন গভীর রাতে শাহিনকে আটক করে। সিলেটের কোতোয়ালি থানা পুলিশ তদন্ত করে দেখছে শাহিনের পূর্বের এরকম কোনো ঘটনা আছে কিনা।
নুরজাহান হোটেলে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। শাহজালাল তদন্ত কেন্দ্রের পুলিশ সিসি ক্যামেরার একটি ফুটেজ সংগ্রহ করেছে। এ ব্যাপারে কথা বলতে চাইলে হোটেলের ম্যানেজার ক্যামেরার সামনে আসতে রাজি হননি।
সিলেটে হোটেল কোয়ারেন্টিনের বিষয়ে তিনপক্ষের আরও সমন্বয় বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ। হোটেল বয় শাহিনের পূর্বের চরিত্রের তথ্য বিশ্লেষণ করে তদন্ত কাজ এগিয়ে নিচ্ছে পুুলিশ। তবে শিগগিরই জেলা প্রশাসনকে হোটেল কোয়ারেন্টিনের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় সভা ডাকার পরামর্শ দিচ্ছেন বিশিষ্টজনরা।
বাংলাটিভি/ডেস্ক রিপোর্ট



