বোরো ধান কাটতে কৃষিশ্রমিক পরিবহনে জেলা প্রশাসন সমন্বয় করবে

আগামী ১৪-২১ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ কালে বোরো ধান কাটতে কৃষি শ্রমিক পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসন সমন্বয় করবে।
সোমবার বিধিনিষেধ আরোপ করে জারি করা মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে এই সময়ে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, বোরো ধান কাটার জরুরি প্রয়োজনে কৃষিশ্রমিক পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসন সমন্বয় করবে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসাব অনুযায়ী, এ বছর ৪৮ লাখ ৮৩ হাজার ৭৬০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাইব্রিড ধান চাষ হয়েছে ১২ লাখ ১৩ হাজার ৪৫০ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় এ বছর মোট আবাদ বেড়েছে প্রায় ১ লাখ ২০ হাজার হেক্টর ও হাইব্রিডের আবাদ বেড়েছে প্রায় ৩ লাখ ২৫ হাজার হেক্টর জমিতে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায় এবার বোরোতে ২ কোটি ৫ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার ইতোমধ্যে বোরো কাটা শুরুও হয়ে গেছে।
বাংলাটিভি/শহীদ



