
দেশজুড়ে কঠোর বিধি-নিষেধের তৃতীয় দিনে আজ রাজধানীতে তেমন একটা প্রাইভেট বাহন ও জন চলাচল লক্ষ্য করা যায়নি। তবে যে অল্প সংখ্যক মানুষ বাইরে বেরিয়েছেন, তাদের মধ্যেও সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলায় অনীহা দেখা গেছে। এদিকে, রাজধানীর প্রধান সড়কগুলোতে ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা। মুভমেন্ট পাস ছাড়া বের হলেই মুখোমুখি হতে হয়, কঠিন জিজ্ঞাসাবাদের।
করোনার সংক্রমণরোধে সারাদেশে চলমান কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ। গ্যাল দু’দিনের তুলনায় রাস্তায় আজ ব্যাক্তিগত পরিবহণ ও রিক্সা কম লক্ষ্য করা গেছে।
তবে, একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনা থাকলেও, পাড়া-মহল্লার রাস্তাগুলোতে দেখা গেছে উৎসুক মানুষের চলাচল। আর, তাদের কারণেই খোলা রয়েছে অলিগলির কিছু দোকান-পাটও। বাইরে বের হওয়া অনেকেই মানছেন না সরকারী নির্দেশনা; সাথে রাখছেন না মুভমেন্ট পাসও।
এদিকে, বিভিন্ন চেকপোস্টে থামিয়ে পরিচয় ও বের হওয়ার কারণ জানতে চাইছে আইনশৃঙ্খলা বাহিনী। জরুরি সেবায় সম্পৃক্ত ব্যাক্তি ছাড়া অন্যদের ফিরিয়ে দেওয়া হয়। এ সময়, সরকারী নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনে আরও কঠোর অবস্থানের কথাও জানান তারা।
বাংলাটিভি/শহীদ



