
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গুমের পেছনে নিজ দলের নেতাদের জড়িত করে দেয়া বক্তব্য গণমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
গুম কর সরকার গুম করেনি বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যে বক্তব্য দিয়েছেন সেটা তিনি সরকারকে কটাক্ষ করে বলেছেন বলে দাবি করেছেন। রোববার বিকেলে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবী করেন তিনি। এ সময় গণমাধ্যমে তার বক্তব্য বিকৃত করা হয়েছে বলে দাবী করেন তিনি।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজের ৯বছর পার হওয়া উপলক্ষে শনিবার এক ভার্চুয়াল আলোচনায় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, ইলিয়াস আলী গুমের পেছনে সরকার নয়, তার দলের কিছু লোক জড়িত।
নিজের দলের নেতার গুম হওয়া নিয়ে এমন বিস্ফোরক মন্তব্যের পরেরদিন রোববার শাহজাহানপুরের নিজ বাসায় সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস দাবি করেন, গণমাধ্যমে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
এদিকে, ইলিয়াস আলী গুমের আগের দিন রাতে এক বিএনপি নেতার সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে ছিলেন বলে জানান মির্জা আব্বাস। যা ইলিয়াস আলী নিখোঁজের অন্যতম কারণ বলেও ইঙ্গিত করেন তিনি।
গুমের আগের রাতে বিএনপির কোন নেতার সঙ্গে ইলিয়াস আলীর বাকবিতন্ডা হয় এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে কৌশলে এড়িয়ে যান মির্জা আব্বাস।ইলিয়াস আলী গুমের বিষয়ে দেয়া বক্তব্যে তিনি বা তার দল বিব্রত নয় বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন মির্জা আব্বাস।
বাংলাটিভি/শহীদ



