বিধি নিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত

বিশেষজ্ঞ কমিটির পরামর্শে সরকার সারাদেশে আরও এক সপ্তাহ ‘বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (১৯ এপ্রিল) রাজধানীর সরকারি বাসভবন থেকে দেয়া ভিডিওবার্তায় এসব কথা বলেন কাদের, তিনি বলেন, ‘জীবন ও জীবিকার প্রয়োজনে ঈদের আগে বিধি নিষেধ শিথিলেরও চিন্তাভাবনা করছে সরকার।
এর আগে, রোববার এক ভার্চুয়াল বৈঠকে করোনাভাইরাস সংক্রমণ রোধে আরও এক সপ্তাহের জন্য ‘কঠোর লকডাউন’ আরোপের সুপারিশ করে কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। প্রস্তাবিত বিধি নিষেধ শেষ হওয়ার আগে সংক্রমণের হার বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়ারও পরামর্শ দেয় কমিটি।
চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করে। মার্চের শুরুতে এসে যা তীব্র আকার ধারণ করে। সংক্রমণ ঠেকাতে ৫ এপ্রিল থেকে প্রথম দফায় সাত দিনের জন্য ‘কঠোর বিধিনিষেধ’ শুরু হয়। ১১ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও এই বিধিনিষেধ চলে ১৩ এপ্রিল পর্যন্ত।
এরপর ১৪ এপ্রিল থেকে দ্বিতীয় ‘সর্বাত্মক বিধি নিষেধ ঘোষণা করে সরকার, যা চলবে ২১ এপ্রিল পর্যন্ত।
বাংলাটিভি/শহীদ



