
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ৪১ জন মারা গেছেন। গত ৫ সপ্তাহের মধ্যে এটিই সর্বনিম্ন মৃত্যু। এর আগে ৩০ মার্চ ৪৫ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। ৪১ জন নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৭৯৬ জন।
বৃহস্পতিবার (৬ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৮২২ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত ৭ লাখ ৬৯ হাজার ১৬০ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৯৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৭ লাখ দুই হাজার ১৬৩ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ৮২২টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৫৮৫টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তে হার আট দশমিক ৪৪ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ২৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪১ জনের মধ্যে পুরুষ ২২ জন, আর নারী ১৯ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন আট হাজার ৫৬৬ জন এবং নারী মারা গেছেন তিন হাজার ২৩০ জন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব রয়েছেন ২৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন দুই জন।
বাংলাটিভি/শহীদ



