রোগীদের সেবার মাঝেই যেন ঈদ আনন্দ খুঁজে নেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা

এবারও প্রাণঘাতী করোনার বিস্তারের মধ্য দিয়েই দেশজুড়ে উদযাপিত হলো পবিত্র ঈদুল ফিতর। সংক্রমণ শুরুর পর থেকেই স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের প্রসঙ্গটিই অসম্ভব হয়ে বিষয় হয়ে উঠেছে স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের জন্য। এ অবস্থায়, হাসপাতালের রোগীদের সেবার মাঝেই যেন ঈদ আনন্দ খুঁজে নেন চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ সব স্বাস্থ্যকর্মীরা।
ঈদ আসে ঈদ যায়, কিন্তু পরিবার-স্বজনদের সাথে দেখা হয় না। পেশাগত দায়বদ্ধতাই যেন তাদেরকে ঈদের আনন্দ ভুলিয়ে দেয়।
দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের সময় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে যে ক’জন চিকিৎসকের নেতৃত্বে করোনা চিকিৎসা শুরু হয়, তাদের একজন ডা. আল মামুন শাহরিয়ার। রোগীর সেবা বাদ দিয়ে কখনো পরিবারের সাথে ঈদ উদযাপনের কথা যেন ভাবতেই পারেন না।
এদিনে বাবা-মা, আত্মীয়-স্বজনদের কথা মনে পড়লে একটু খারাপও লাগে। তবে মানুষের সেবায় নিয়োজিত থেকে যে মানসিক তৃপ্তি মেলে, তাতেই সব কষ্ট ভুলে যান বলে জানালেন এ সম্মুখসারির যোদ্ধারা।
এদিকে, নিরুপায় হয়ে যারা হাসপাতালে রয়েছেন, তারাও প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করছেন ভার্চুয়াল মাধ্যমে।
কর্তৃপক্ষের চাপিয়ে দেয়া সিদ্ধান্তে নয় বরং নিজেদের পেশাগত দায়বদ্ধতা ও মানবিকবোধ থেকেই বিশেষ দিনগুলোতে দায়িত্ব পালন করেন বলেও জানান, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা।
বাংলাটিভি/রাজ



