কর্মস্থলে যোগ দিতে ঢাকামুখী মানুষ; ফেরিঘাটে বাড়ছে যাত্রীদের ভিড়

ঈদছুটির পর, কাজে যোগ দিতে নগরীর দিকে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সকাল থেকেই ভিড় বাড়ছে মহাসড়ক-ফেরিঘাটে। পদ্মার দুই ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীদের ঢল। যাত্রীচাপে আটকা পড়ছে অনেক গাড়ি। সংক্রমণ এড়ানোর বিধি-নিষেধে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় মাইক্রোবাস, অটোরিকশাসহ বিকল্প যানবাহনে ঝুঁকি ফিরছে মানুষ। এতে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়াও।
ঈদের ছুটি শেষ, এবার কর্মস্থলে ফেরার পালা। লকডাউনে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও যে করেই হোক যেতে তো হবেই। রোববার সকাল থেকেই তাই বিভ্ন্নি বিকল্প যানবাহনে নগরমুখী যাত্রায় বহু মানুষ।
উত্তরবঙ্গের জেলাগুলো থেকে ঢাকামুখী যাত্রীরা মহাসড়ক ধরে আসছেন ভেঙে ভেঙে। আবার কিছু বাস প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চললেও, তাতে ভাড়া নেয়া হচ্ছে অনেক বেশি।
এদিকে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকেও রাজধানীতে ফিরতে, পদ্মার দুই ঘাটেই যাত্রীদের ভিড়। সকাল থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিতে পারাপার হন বহু যাত্রী।
করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ছুটছেন এসব ফিরতি যাত্রী। মানুষের চাপ সামাল দিয়ে, ফেরিতে গাড়ি পারাপারেই একরকম জটলা বেঁধে যাচ্ছে।
অন্যদিকে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটেও ঢাকামুখী যানবাহন ও যাত্রীদের চাপ বেড়েছে। ঈদের আগের মতোই গণপরিবহন বন্ধ থাকায়, ভেঙে ভেঙে বিভিন্ন বাহনে চড়ে গন্তব্যস্থলে পৌছাতে যাত্রার খরচ গুনতে গচ্ছে কয়েকগুণ।
এছাড়া ঈদের পর বাড়ির দিকেও যাচ্ছেন অনেক যাত্রী। পথে পথে তাদেরও ভোগান্তির শেষ নেই।
বাংলাটিভি/ নিউজ ডেস্ক



