
কর্মস্থলে ফিরতে জনস্রোত অব্যাহত আছে আজও। সড়কে গণপরিবহন বন্ধ থাকার কারণে ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী ট্রাক, পিকআপ ভ্যানে চড়ে ঝুঁকি নিয়ে ফিরছেন অনেক যাত্রী। এদিকে, পদ্মা পারাপারে ফেরিতেও ভিড়ের কারণে উপেক্ষিত স্বাস্থ্যবিধি।
জীবিকার তাগিদে স্বাস্থ্যঝুঁকির তোয়াক্কা না করেই, যে যেভাবে পারছেন ছুটছেন নগরীমুখী। রাজধানীসহ আশপাশের জেলাগুলোতে ফিরছেন কর্মজীবীরা।
সড়কপথে দূরপাল্লার পরিবহণ বন্ধ থাকায়, চরম ভোগান্তিতে পড়ছেন, যাত্রীরা। এ অবস্থায় পণ্য পরিবহনের ট্রাক-পিকআপসহ বিভিন্ন বিকল্প বাহনে আসছেন তারা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে এসব যানবাহনের চাপ। ঝুকি নিয়ে যাত্রায় উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি।
সকাল থেকে পদ্মার দুই ফেরি ঘাটে বাড়তে থাকে মানুষের চাপ। যানবাহন পারাপারে ফেরি ভিড়লেই তাতে উঠে পড়ছে যাত্রীরা।
পথে নানামুখী ভোগান্তি নিয়ে নগরমুখী হচ্ছেন কর্মজীবী এসব মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় ভেঙে ভেঙে ছোট যানবাহনে যাত্রায় কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে ফিরতে হচ্ছে তাদের। ফেরি পারাপারের বিশৃংখলা এড়াতে মাঠে রয়েছে প্রশাসন।
ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস



