হবিগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন

হবিগঞ্জে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু লটারীর মাধ্যমে ধান সংগ্রহ মূল্য ২৭ টাকা কেজি নির্ধারণ করলেও, প্রকৃত কৃষকরা এ থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারের কাছ থেকে ধানের ন্যায্যমুল্য না পাওয়ায়, দিশেহারা হয়ে পড়ছেন কৃষকরা।
হবিগঞ্জে বোরো ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। এখন পুরোদমে ধান তোলার কাজে ব্যস্ত,কৃষকরা। কিন্তু কষ্টে উৎপাদিত ফলন ভাল হলেও, বিক্রয় মূল্য থেকে উৎপাদন খরচ বেশি হওয়ায় দিশেহারা হয়ে পড়ছেন তারা। সরকার কৃষকদের কাছ থেকে ধানের সংগ্রহ মূল্য ২৭ টাকা কেজি নির্ধারণ করলেও,এ থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। সিন্ডিকেটের কারণে গুদামে ধান দিতে পারছেন না তারা।
প্রতি বিঘা জমিতে ধান চাষ করতে সার,কীটনাশক প্রয়োগ,ডিজেল ও শ্রমিক মজুরী বাবদ প্রায় ৮ হাজার টাকা খরচ হয়।কিন্তু সরকার যে মূল্য নির্ধারন করেছে,তা প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে ধান চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা।
সরকার ধান সংগ্রহের উদ্যোগ নিয়েছে জানিয়ে,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বলেন,লটারীতে অংশ নিতে কৃষকদের সময় বেঁধে দিলে, তারা আরো সুফল পাবেন।
এদিকে,কৃষকরা যাতে ন্যায্যমূল্য পায় এবং সরকারী গুদামে ধান দিতে পারেন, সেজন্য লটারির মাধ্যমে সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান,কৃষি মন্ত্রী।
এবছর জেলায় ১ লাখ ২০ হাজার ৮শ হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা থাকলেও, আবাদ হয়েছে ১ লাখ ২২ হাজার ১৩০ হেক্টর জমিতে। এর মধ্যে হাওড় এলাকায় ৪৬ হাজার ৯১৫ এবং অন্য এলাকায় ৭৫ হাজার ২১৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।
ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস



