
তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন এই স্লোগানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র মো. আতিকুল ইসলাম ।
আজ শনিবার (২২ মে) সকালে পল্লবীর আমান মসজিদ সংলগ্ন এলাকায় এডিস মশা নিধনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত র্যালিপূর্ব বক্তৃতায় মেয়র এ কথা বলেন।
তিনি বলেছেন, এডিস মশা স্বচ্ছ পানিতে জন্মে, তাই এর দায়-দায়িত্ব নাগরিক হিসেবেও আপনাকেও নিতে হবে। আপনারা তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন এই স্লোগান বাস্তবায়নে সহায়তা করুন। এখন আমরা বাসাবাড়িতে গিয়ে চিহ্নিত করে দেবো কোন বাড়িতে, কোন ছাদে বা অফিসে এডিস মশার লার্ভা আছে, ৭ দিন পর থেকে ডেঙ্গুর বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু হবে। তখন কিন্তু আমরা যেখানেই এডিসের লার্ভা পাবো সেখানে হয় মামলা হবে, না হয় জরিমানা হবে।
মেয়র বলেন, এখন হচ্ছে এডিস মশার সুন্দর সময়, সুন্দর একটি সিজন। এডিস মশা যদি দূর করতে হয় এটি আমার একার পক্ষে সম্ভব না। আমরা সামগ্রিকভাবে যদি সবাই বাড়ির ছাদ, ফুলের টব, কমোড পরিষ্কার রাখি তাহলে এডিস মশা থেকে অবশ্যই বেঁচে যাবো।
মেয়র বলেন, আপনার বাড়িতে এডিস মশা হচ্ছে এর দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে। আমরা অনুরোধ করছি আমাদের সাহায্য করুন।
বাংলাটিভি/এস



