১১টি দেশ থেকে ভ্রমণকারী যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার সৌদি আরবের

সৌদি আরবের করোনার সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশের ভ্রমণকারীদের ওপর ভ্রমণনিষেধাজ্ঞা জারি করেছিল সৌদি আরব । এবার তারা ১১টি দেশ থেকে ভ্রমণকারী যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম এসপিএ জানিয়েছে, ১১টি দেশের ভ্রমণকারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও কোয়ারেন্টিন বিধি বহাল থাকছে। এই ১১ দেশ থেকে কোনো ভ্রমণকারী সৌদি আরবে এলে তাঁদের কোয়ারেন্টিন বিধি মানতে হবে।
এই ১১ দেশ হলো সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, পর্তুগাল, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স ও জাপান। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের উদ্ধৃতি দিয়ে এসপিএ গতকাল শনিবার এই দেশগুলোর নাম উল্লেখ করেছে।স্থানীয় সময় আজ রোববার দিবাগত রাত একটা থেকে এই ১১ দেশের যাত্রীরা সৌদিতে যেতে পারবেন।
সৌদির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে,এই ১১ দেশ করোনা নিয়ন্ত্রণে ধারাবাহিকতা দেখাতে সক্ষম হওয়ায় তাদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ১৩টি দেশের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে। এই দেশগুলো হলো লিবিয়া, সিরিয়া, লেবানন, ইয়েমেন, ইরান, তুরস্ক, আর্মেনিয়া, সোমালিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, আফগানিস্তান, ভেনেজুয়েলা, বেলারুশ ও ভারত।
সৌদি আরবে যাওয়া সব আন্তর্জাতিক যাত্রীকে বাধ্যতামূলকভাবে সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। সরকারনির্ধারিত স্থাপনায় আগত যাত্রীদের কোয়ারেন্টিন করতে হবে। সৌদি আরবে যাওয়ার পরপরই কোয়ারেন্টিন শুরু হবে। কোয়ারেন্টিনে থাকার যাবতীয় খরচ সংশ্লিষ্ট যাত্রীদেরই বহন করতে হবে।
এতে আরো বলা হয়,সৌদি আরবে যাওয়ার সপ্তম দিনে যাত্রীদের পিসিআর করোনা পরীক্ষা করতে হবে। পরীক্ষার ফলাফল নেগেটিভ এলেই তবে যাত্রীদের কোয়ারেন্টিন ত্যাগের অনুমতি দেবে সৌদি কর্তৃপক্ষ।
বাংলাটিভি/ এস



