
কয়েক ঘন্টার ঝুম বৃষ্টিতেই রাজধানীর জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ঢাকার বিভিন্ন সড়কের জলাবদ্ধতার কারণে সকালে কর্মস্থলগামী মানুষ পড়েন চরম দুর্ভোগে। সময়মতো ড্রেনেজ পরিস্কার না রাখায় পানি নামতে দেরি হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন এলাকায় বৈরি আবহাওয়া আগামী দু’একদিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে।
এখনো মৌসুম না আসলেও, বৃষ্টির পানি টইটুম্বুর ঢাকা দেখে মনে হতেই পারে ঘোর বর্ষা নেমেছে রাজধানীতে। সোমবার সকালে মুষলধারে বৃষ্টি নামে ঢাকায়। কয়েকঘন্টার মধ্যে জলাবদ্ধতায় তলিয়ে যায় নগরীর বিভিন্ন এলাকা। অনেক সড়কের উপর পানি জমে যায় হাঁটু পর্যন্ত। সাত-সকালে বৃষ্টির পর জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ।
বিভিন্ন অলিগলিতে জমে গেছে পানি। এমনকি বাসাবাড়ি দোকানপাটেও পানি উঠে তৈরি হয়েছে ব্যাপক জনভোগান্তি।জলাবদ্ধতার দুর্ভোগের জন্য পানি নিষ্কাশনে অব্যবস্থাপনার কথাই বললেন নগরবাসী।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, গেল ২৪ ঘণ্টার ঢাকায় বৃষ্টি হয়েছে ২১ মিলিমিটার। আর এতেই রাস্তাঘাট পানিতে একাকার। আগামীকাল থেকে থেকে স্বাভাবিক হবে পরিস্থিতি।এবার দেশে আগাম মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনার কথাও জানানো হয় আবহাওয়ার পূর্বাভাসে।
বাংলাটিভি/এস



