
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খালগুলো পুরোপুরি উদ্ধার করা গেলে জলাবদ্ধতা থাকবে না বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
মঙ্গলবার (১ জুন) রাজধানীর মোহাম্মদপুরে মশক নিধনে চিরুনি অভিযানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আতিকুল ইসলাম।
এ সময় তিনি বলেন,ওয়াসার কাছ থেকে খালগুলো বুঝে পেলেও সেগুলো এখনও পুরোপুরি উদ্ধার ও সংস্কার করা যায়নি বলে কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা দিয়েছে বলে জানান মেয়র আতিক।
সকাল থেকে হওয়া বৃষ্টিতে ডিএনসিসি আওতাধীন বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। সকাল থেকে আমি মাঠে আছি, আমাদের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারাও মাঠে আছেন। জলাবদ্ধতা দূর করতে হলে খাল ও খালে পানি যাওয়ার যেসব ড্রেন আছে অর্থাত স্টর্ম সুয়ারেজ লাইন সেগুলো পরিষ্কার করতে হবে। ওয়াসার কাছ থেকে হস্তান্তরিত খাল এবং এসব সুয়ারেজ লাইন পরিষ্কারে করোনার মধ্যেও আন্তরিকভাবে আমরা কাজ করে যাচ্ছি। এগুলো পরিষ্কার হয়ে গেলে আর জলাবদ্ধতা দেখা দেবে না। খাল সংস্কারে দখল ও দূষণ বড় বাঁধা হয়ে দাড়াচ্ছে বলেও মন্তব্য করেন আতিক।
এর আগে মোহাম্মদপুরের ইকবাল রোড এলাকা থেকে ১০ দিনব্যাপী মশক নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার থেকে শুরু হয়ে শুক্রবার ব্যতীত আগামী ১২ জুন পর্যন্ত এই মশক নিধন কার্যক্রম তথা চিরুনি অভিযান চলবে।
এ সময় মেয়র বলেন, করোনাকালে যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় কারও মৃত্যু না হয়, সেজন্যই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব ওয়ার্ডে একযোগে এই কার্যক্রম শুরু করা হয়েছে। এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে। নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তারকে রোধ করতে হবে।
আতিক আরও বলেন, নগরসহ দেশকে রক্ষা করার দায়িত্ব সবার, নিজ নিজ অবস্থানে থেকে এ বিষয়ে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নগরবাসীর প্রতি আমার আহ্বান—তিন দিনে একদিন/ জমা পানি ফেলে দিন।
ডিএনসিসি মেয়র আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং বেশ কয়েকটি বাসাবাড়ি পরিদর্শন করেন। পরিদর্শনকালে যে সব বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে সেগুলোতে স্টিকার লাগিয়ে দেন তিনি।
বাংলাটিভি/এস



