বাংলাদেশআইন-বিচার

ফিলিস্তিন রাষ্ট্র সত্যিকারভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, ইসরায়েলকে স্বীকার করবে না বাংলাদেশ

ফিলিস্তিন রাষ্ট্র সত্যিকারভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, ইসরায়েলকে স্বীকারই করবে না বাংলাদেশ। সেক্ষেত্রে দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞায় আগের মতোই শক্ত অবস্থানে সরকার। তবে কেউ নিষেধাজ্ঞা অমান্য করে ইসরাইলে গেলে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন আইনের আওতায় ব্যবস্থা হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। আইন বিশেষজ্ঞরা বলছেন, জনস্বার্থে বিষয়টি সরকারকে আরও পরিস্কার করা উচিত।

প্রশাসনিক কারণ দেখিয়ে, আন্তর্জাতিক সাধারণ বিধির অনুসরণে বাংলাদেশের পাসপোর্টে নিষেধাজ্ঞার অংশটি বাদ দিয়েছে সরকার। তাতে বাদ পড়ে ইসরায়েলের নামও। তবে সাম্প্রতিক সময় ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি হামলা পরিস্থিতিতে, পাসপোর্টের সংশোধনের এ বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তা আলোচনায় আসে। এর প্রেক্ষিতে সরকারিভাবে বলা হয়, ইসরায়েলের সঙ্গে আগেও কোন সম্পর্ক ছিলো না, আগামীতে হবে না। আর কোনো বাংলাদেশি নাগরিক ইসরায়েলে ভ্রমণে গেলে দেশের বিদ্যমান আইনে তাকে শাস্তি পেতে হবে বলে, সেসময় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বিদ্যমান আইনে বিচারের করার কথা বলা হলেও, জনস্বার্থ বিবেচনায় বিষয়টি আরও স্পষ্ট করা দরকার বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক-জামিলা এ চৌধুরী।

এ বিষয়ে বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আইনের বিষয়টির দায় চাপালেন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর। একই সুরে কথা বললেন সাবেক আইন মন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদও।

বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চাইলে সুনির্দিষ্ট করে কিছু বলেননি পররাষ্ট্রমন্ত্রী ।বিতর্ক টেনে না এনে সরকারের সার্বিক কূটনৈতিক অগ্রগতির তথ্য পরিবেশনের আহবান জানান তিনি।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button