
চীনের উপহার হিসেবে পাওয়া সিনোফার্মের টিকা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফাইজার টিকা আগামী সপ্তাহে প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
সোমবার (১৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, প্রাথমিকভাবে এই টিকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ফাইজারের টিকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
সিনোফার্ম টিকা প্রসঙ্গে অধ্যাপক ডা. খুরশীদ আলম বলেন, সাধারণত মেডিকেল শিক্ষার্থীদের সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যে সারাদেশে সরকারি ৩৭টি মেডিকেল শিক্ষার্থীর টিকা দেওয়া শুরু হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চীনের টিকা দেওয়া হবে।
১৩ জুন বিকেলে চীনের উপহারের আরও ছয় লাখ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছায়। এর আগে গত ১২ মে বাংলাদেশকে ৫ লাখ ডোজ টিকা উপহার দিয়েছিল চীন।
প্রথম ডোজ নিলেও টিকার সংকটে দ্বিতীয় ডোজ না পাওয়া ব্যক্তিদের অক্সফোর্ডের টিকাই দেওয়া হবে জানিয়ে খুরশীদ আলম বলেন, সিরামের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে যাদের প্রথম ডোজ দেয়া হয়েছে, তাদের দ্বিতীয় ডোজ একই টিকা দিয়েই দেওয়া হবে।
তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশে একাধিক টিকা ব্যবহারের জরুরি অনুমোদন দিয়েছে সরকার। আমেরিকা ১০ লাখ সিরামের টিকা দিতে চেয়েছে। তা এলেই যারা প্রথম ডোজে সিরামের টিকা নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ সিরামের টিকা দিয়ে দেওয়া হবে।
বাংলাটিভি/এস



